ওয়েবডেস্ক। ৩০ নভেম্বর
চেন্নাই সুপার কিংসে যাওয়ার জল্পনাকে উড়িয়ে আইপিএল কেরিয়ারকে অবসর জানালেন আন্দ্রে রাসেল। আইপিএলে আর দেখা যাবে না দ্রে-রাস ঝড়। আইপিএলের থেকে অবসর নিলেও, কেকেআরের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে এবার দেখা যাবে নাইট ডাগআউটেই। কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফে যোগ দিতে চলেছেন রাসেল।
২০১২ সালে প্রথম আইপিএল খেলা শুরু করেন রাসেল। প্রথম দু’বছর খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ২০১৪ সালে তাঁকে কেনে কলকাতা। তখন থেকেই কেকেআরের অবিচ্ছেদ্য অংশ ৩৭ বছরের ক্রিকেটার। তবে এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। এবার তাঁকে ‘পাওয়ার কোচ’ হিসাবে রেখে দিচ্ছেন বেঙ্কি মাইসোররা।
ভিডিয়ো বার্তায় রাসেল বলেছেন, ‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্য দলগুলি হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে কেকেআরের হয়ে আমার দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে। দলের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। কিন্তু কখনও কখনও আপনাকে থামতেই হয়। যখন এই সিদ্ধান্তটা নিয়েছি, মনে হয়েছে এটাই সেরা সিদ্ধান্ত। তবে আমি আইপিএল থেকে ম্লান হয়ে যেতে চাই না। নিজের উত্তরাধিকার রেখে যেতে চাই। ভক্তেরা হয়তো অনেকে বলবেন, এখনই কেন অবসর? আরও কয়েকটা বছর খেলতে পারতেন। সেজন্যই এই সময়টা সেরা। কারণ চাই না এমন কেউ বলুন, আমার অনেক বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’
রাসেল আরও বলেছেন, ‘আমরা এখন ইনস্টাগ্রাম জগতের অংশ। নিজের পুরনো ভিডিয়োগুলো দেখলে নিজেকে নানা রকম জার্সিতে দেখা যায়। দলের কোচিং স্টাফ, সতীর্থরা আমাকে পুরনো কিছু ভিডিয়ো পাঠিয়েছে। ওরা বলেছে, আমাকে এই বেগনি জার্সিতেই দেখতে সবচেয়ে ভালো লাগে। তবে সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। কয়েক রাত ঘুমোতে পারিনি। বেঙ্কির সঙ্গে অনেকবার কথা বলেছি। শাহরুখ খানের সঙ্গেও কথা হয়েছে। আইপিএলে নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। সেটা নিয়েও অনেক কথা হয়েছে। বেঙ্কি, শাহরুখরা আমাকে যথেষ্ট সম্মান করেন। আমাকে ভরসা করেন। ভালোবাসেন। মাঠে এত দিন যা যা করেছি, সে সবেরও প্রশংসা করেন ওঁরা। এমন একটা দলের সঙ্গে থাকতে পারছি, যে দলের পরিবেশ আমার ভীষণ পরিচিত। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
অবসর বার্তায় কলকাতার ক্রিকেটপ্রেমীদের রাসেল বলেছেন, ‘কলকাতা, আমি আবার ফিরে আসছি। এবার কেকেআরের একজন সাপোর্ট স্টাফ হিসাবে থাকব। বেঙ্কিই আমাকে প্রথম ‘পাওয়ার কোচ’ হওয়ার প্রস্তাব দেন। শুনে আমি তাঁকে বলেছিলাম, আপনি কি এটা আগে শুনেছেন? জবাবে বেঙ্কি বলেন, হ্যাঁ, দ্রে-রাস। মানে আন্দ্রে রাসেল। শক্তিশালী ক্রিকেটের জন্য যাকে সকলে চেনে। ব্যাট করার সময় আমি জোরে শট মারার চেষ্টা করতাম। বল বা ফিল্ডিং করার সময়ও আমি নিজের সম্পূর্ণটা উজাড় করে দিতাম। সেই অভিজ্ঞতা থেকে আমি দলের যে কোনও বিভাগকে সাহায্য করতে পারব।’ রাসেল আইপিএলের এক মাত্র বিদেশি ক্রিকেটার যাঁর ২০০০-এর বেশি রান এবং ১০০-র বেশি উইকেট রয়েছে।
আইপিএল থেকে রাসেলের অবসরে আবেগপ্রবণ বলিউড বাদশা। সমাজমাধ্যমে রাসেলের অবসরের পোস্টেই নিজের আবেগ প্রকাশ করেছেন শাহরুখ। কেকেআর কর্ণধার লিখেছেন, ‘দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে। আমাদের উজ্জ্বল বর্ম পরা নাইট। কেকেআরে তোমার আবদান বইয়ে লেখা থাকবে। এখান থেকেই তোমার ক্রীড়াজীবনের আর এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তুমি এবার আমাদের পাওয়ার কোচ। বেগনি এবং সোনালি জার্সি পরা আমাদের ছেলেদের জ্ঞান এবং শক্তিতে সমৃদ্ধ করবে তুমি। ওদের আরও শক্তিশালী করে তুলবে।’
শাহরুখ আরও লিখেছেন, ‘অন্য কোনও জার্সি পরলে তোমাকে অদ্ভুত দেখতে লাগত। মাসল রাসেল তোমাকে ভালোবাসি। দলের এবং সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষের পক্ষ থেকে তোমাকে ভালোবাসা জানাচ্ছি।’ ২০১৪ এবং ২০২৪ সালে আইপিএলজয়ী কেকেআর দলের অন্যতম সদস্য ছিলেন রাসেল।
