ওয়েবডেস্ক। ৩১ অগস্ট
জম্মু-কাশ্মীরে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। পুঞ্চ জেলার মান্ডি সেক্টরে পুলিশের অভিযানে গ্রেফতার হল দুই জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল, গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। রবিবারের এই অভিযানের পর আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। আতি উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজমাবাদে এক বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় দুটি একে-৪৭ রাইফেল এবং প্রচুর গ্রেনেড। গ্রেফতার করা হয় বাড়ির মালিক তারিখ শেখ ও তার সঙ্গী রিয়াজ আহমেদকে। পরে তাদের জিজ্ঞাসাবাদে পুঞ্চের জলিয়া গ্রামে আরও একটি ভাড়া বাড়ি থেকে বিপুল অস্ত্রভান্ডার উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত দুইজন দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আসা জঙ্গিদের আশ্রয় ও সহায়তা দিচ্ছিল। তাদের সঙ্গে পহেলগাম সন্ত্রাসের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
