ওয়েবডেস্ক
১৩ আগস্ট

চলতি বছর আইপিএল চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের ছাড়াই খেলতে গিয়ে ২-২ সিরিজ ড্র করেছে ভারত। কোহলি থাকলে কি সিরিজ জিততে পারত ভারত? ইংল্যান্ড সফরে গিয়ে সফল হয়েছে বাংলার পেসার আকাশ দীপ। এজবাস্টন টেস্টের দুই ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। ওভাল টেস্টে অর্ধশতরান করেছিলেন। দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছেন। সিরিজে কোহলির অভাব প্রসঙ্গে বাংলার পেসার সাহস করে বুঝিয়ে দিলেন, তিনি কোহলির অভাব টের পাননি। তিনি ভবিষ্যতের দিতে তাকাতে চান।
আকাশ জানিয়েছেন, ক্রিকেটে এক জনের পক্ষে জেতানো সম্ভব নয়। সকলকে ভালো খেলতে হয়। তাই আলাদা করে একজনের কথা তিনি ভাবেন না। আকাশ বলেন, ‘দেখুন, এটা দলগত খেলা। একদিন তো আমিও এর অংশ থাকব না। আমার পরে অন্য কেউ আসবে। কিন্তু দলের পরিবেশ এক থাকবে। ক্রিকেট ১১ জনের খেলা। একজনের নয়। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তবে কি কোহলির অভাব একেবারেই টের পাননি আকাশ? এর জবাবে তিনি বলেন, ‘কোহলি ভাই কত বড়ো ক্রিকেটার তা সকলেই জানে। ভারতীয় দলকে ও নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ওর সময়ে ভারতীয় দলের যে বিবর্তন হয়েছে তা সকলে দেখেছে। এখন শুভমনের সময়। ওর প্রথম সিরিজেই ও নজর কেড়েছে। সকলে ভালো খেলেছে। সেটাই সবচেয়ে বড়ো কথা। অন্য কিছু আমি ভাবতে চাই না।’
আকাশের কথা থেকে পরিষ্কার, ব্যক্তির থেকে আগে দলকে রাখতে চেয়েছেন তিনি। তাঁর মতে, প্রত্যেকের নির্দিষ্ট সময় থাকে। একজন চলে গেলে সেই জায়গায় অন্য কেউ আসেন। কিন্তু প্রত্যেকেই দলকে জেতানোর চেষ্টা করেন। ভালো খেলার চেষ্টা করেন। ব্যক্তিগত সাফল্যের থেকে দলগত সাফল্যকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি।
তবে আকাশের থেকে ভিন্ন মত ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকারের। তিনি কোহলিকে ইংল্যান্ডে দেখতে চেয়েছিলেন। বেঙ্গসরকার বলেন, ‘যদি আমি নির্বাচক প্রধান হতাম, তা হলে ইংল্যান্ড সিরিজ খেলার পর কোহলিকে অবসর নিতে বলতাম। এই সিরিজে ওর ব্যাটিং ও অভিজ্ঞতার প্রয়োজন ছিল।’
ইংল্যান্ডে পাঁচটার মধ্যে তিনটে টেস্ট খেলেছেন আকাশ। তিন টেস্টে ১৩ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে এজবাস্টনে দ্বিতীয় টেস্টেই নিয়েছেন ১০ উইকেট। তাঁর দাপটে এসজবাস্টনে প্রথমবার জিতেছে ভারত। ওভালে জয়েও ভূমিকা রয়েছে বাংলার পেসারের। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেছেন তিনি। অর্থাৎ, দুটো জয়েই অবদান রয়েছে আকাশের। দেশে ফিরে এবার সামনে দলীপ ট্রফি। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

error: Content is protected !!