ওয়েবডেস্ক। ১০ জুন
দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীলদের জন্যই ভারত। যারা দেশের প্রতি আনুগত্যহীন এবং সমাজে বিভাজনের রাজনীতি করে, তাদের জন্য এই দেশ কোনও আশ্রয়স্থল নয়। এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে তিনি তথাকথিত লাভ জেহাদ ও বেআইনি ধর্মান্তর প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন।
মঙ্গলবার লখনউয়ে আয়োজিত এক ধর্মীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, ভগবান রাম শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নন, তিনি জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক চেতনারও প্রতীক। তাঁর দাবি, দেশের অধিকাংশ মানুষের জীবনদর্শন ও মূল্যবোধে রামের আদর্শের প্রভাব রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্যতিক্রম ছাড়া ভারতের মাটির সঙ্গে সংযোগহীন মানুষ খুঁজে পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ভারত এমন কোনও জায়গা নয়, যেখানে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেও নিরাপদ আশ্রয় পাওয়া যাবে। জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের চেষ্টার সঙ্গে তথাকথিত লাভ জেহাদের সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন যোগী। তাঁর বক্তব্য, অতীতেও আদালত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বেআইনি ধর্মান্তর রোধে রাজ্য সরকার ২০২০ সালে আইন প্রণয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, শুধু আইন করলেই হবে না, সমাজকেও আরও সচেতন হতে হবে। বিভাজনমূলক ও নেতিবাচক শক্তির বিরুদ্ধে সকলকে একজোট থাকার আহ্বান জানান তিনি।
রাম জন্মভূমি আন্দোলনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, বহু দশক ধরে সাধু-সন্তদের প্রচেষ্টায় এই আন্দোলন জীবন্ত ছিল। কারণ তাঁরা একে ভারতের সভ্যতা ও সংস্কৃতির রক্ষার আন্দোলন হিসেবে দেখেছিলেন। সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়ের উল্লেখ করে তিনি বলেন, সেই রায় দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
