ওয়েবডেস্ক। ৭ জুন
সিবিএসই-র ডিজিটাল খাতা মূল্যায়ন ব্যবস্থা সংক্রান্ত বিতর্কে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবসমাজকে প্রশ্ন করতে দিতে চান না। তাঁদের রিল বানানো বা পকোড়া ভাজার কাজেই ব্যস্ত রাখতে চান তিনি।
রবিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে দেখা যায়, গত সপ্তাহে তিনি সার্থক সিদ্ধান্তের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অষ্টাদশবর্ষীয় এই ছাত্র সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অনস্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়ে ওঠা বিতর্কের অন্যতম মুখ। অভিযোগ, মূল্যায়ন প্রক্রিয়ার জন্য সংস্থা নির্বাচনের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল এবং সেই বিষয়টি সামনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।
ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় রাহুল লেখেন, বয়স মাত্র ১৮ হলেও মানসিক দৃঢ়তা, সাহস এবং নীতির প্রশ্নে সার্থক কারও থেকে পিছিয়ে নেই। তাঁর দাবি, সার্থক এবং নিসর্গ এমন এক কাজ করেছেন যা দেশের বহু বড় সংবাদমাধ্যম কিংবা অনুসন্ধানী সাংবাদিকও করতে পারেননি। তাঁরা সিবিএসই এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সম্ভাব্য আঁতাতের অভিযোগ দেশের সামনে তুলে ধরেছেন।
লোকসভার বিরোধী দলনেতার কথায়, দেশের এক তরুণ যে তৎপরতা ও দক্ষতার পরিচয় দিয়েছে, তা অনেক সরকারি তদন্ত সংস্থাকেও পিছনে ফেলে দিয়েছে। এটি যুবসমাজের জয় এবং সরকারের পরাজয়। এটাই ভারতের প্রকৃত যুবশক্তির পরিচয়।
